ডেক্সরিপোর্ট বরিশালের বাকেরগঞ্জে নদীর তীর থেকে গলাকাটা অবস্থায় পুত্রের লাশ উদ্ধারের ১৬ ঘন্টা পর পিতার লাশও উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টায় উপজেলার কবাই ইউনিয়নের চর লক্ষ্মীপাশা এলাকার পান্ডব নদীর তীর থেকে পিতা হেলাল উদ্দিন হাওলাদার (৫৫) এর লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টায় তার ছেলে ইয়াসিন হাওলাদার (২০) এর গলাকাটা লাশও একই স্থান থেকে উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বাবা মো. হেলাল উদ্দিন (৫৫) ও ছেলে ইয়াছিন হাওলাদার (২০)। তাদের বাড়ি পিরেজপুর জেলার নাজিরপুর থানার কলারদোয়ানিয়া গ্রামে বলে জানা গেছে।
নিহত হেলাল উদ্দিনের বড় ভাই মো. বাদশা হাওলাদার জানান, গত শনিবার তার ভাই মো. হেলাল উদ্দিন ও তার ভাতিজা ইয়াছিন হাওলাদার এ অঞ্চলে ভাড়া ট্রলার ‘মায়ের পরশ’ নিয়ে মাছ ধরা চাই বিক্রয় করতে যান।
শুক্রবার শতরাজ বাজারে চাই বিক্রয় শেষে বাকেরগঞ্জের শিয়ালঘুনি হাটে যান। সেখানে চাই বিক্রি করে ফেরার পথে চরলক্ষীপাশা গ্রামের পাণ্ডব নদীর তীরে তাদের খুন করে ট্রলারটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় ছেলে মো. ইয়াছিন হাওলাদারে মরদেহ উদ্ধার করা হয়।
তবে রাত পর্যন্ত মো. হেলাল উদ্দিনের সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকাল ৯ দিকে উপজেলার চরলক্ষীপাশা গ্রামের পাণ্ডব নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ খবর দেয়।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, প্রাথমিক ধারণা ট্রলার ছিনতাই করার জন্যই তাদের হত্যা করা হয়েছে। তার পরেও এ হত্যার সঙ্গে আর কোনো কারণ জড়িত আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা চলছে।