অনলাইন ডেস্ক গতবারের চেয়েও বেশি ইলেক্টোরাল ভোট পেয়ে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার সকালে ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-কে সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, গতবার আমি ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছিলাম এবং সেটা অনেক বড় সংখ্যা ছিল। আমি মনে করি এবার তার চেয়ে বেশি ভোট পাব। সে সংখ্যাটা এবার টপকে যাবো। আমি মনে করি, আমাদের আরও ভালো কিছু হবে। আমরা যেসব কাজ করেছি জনগণ তার প্রশংসা করেন।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্র্যাট মনোনীত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, কমলা হ্যারিস যদি ভাইস প্রেসিডেন্ট হন, তাহলে সেটি মার্কিন জনগণ এবং নারীদের জন্য ভয়ঙ্কর হবে।
টান টান উত্তেজনার মধ্য দিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। ক্ষমতাসীন দল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের নির্বাচনে প্রায় ১০ কোটি আমেরিকান ডাক যোগে ভোট দিয়েছেন। ফলে সব ভোট গণনা শেষ হতে দেরি হবে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি বলছে, দেশজুড়ে বেশি ভোট পাওয়া মানেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নয়। এ জন্য বেশি রাজ্যের ভোট পেতে হবে।
জনসংখ্যার বিচারে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট ইলেক্টোরাল ভোট পান ওই রাজ্যের বিজয়ী প্রার্থী। হোয়াইট হাউজে যেতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।