আব্দুল্লাহ আল হাসিব সুখী সমৃদ্ধ ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলার জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করার লক্ষ্যে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর সহযোগিতায় বিনামূল্যে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার চরফ্যাশন উপজেলার চর কলমী ইউনিয়নের দালাল বাজার কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পটি সকাল ১০.০০ টায় শুরু হয়ে দুপুর ১.৩০ টা পর্যন্ত দূরবর্তী অঞ্চলের দুস্থ ও অসহায় মানুষদেরকে সেবা প্রদান করে। উক্ত মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হোসাইন শাওন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চর কলমী ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবু তাহের বিশ্বাস, চরফ্যাশন পিএইচডি-ইএইচডি প্রকল্পের হেলথ কো-অর্ডিনেটর জাকির হোসেন এবং চর কলমী ইউনিয়নের রুরাল ফ্যাসিলিটেটর মোঃ রিয়াজ হোসেন খানসহ মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে ব্রিটিশ সরকারের এফসিডিও এর আর্থিক সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) বরিশাল বিভাগে ৩টি জেলার মোট ৮টি উপজেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে।