ডেক্সরিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২০ জন আহত হয়েছেন। বুধবার (০৭ আগস্ট) বিকেলে সরাইলের উচালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, গত সোমবার সরাইল ডিজিটাল হাসপাতালের সিঁড়ি উচ্ছেদ চালায় সড়ক ও জনপথ বিভাগ। এসময় উচ্ছেদে সমর্থন জানানোয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শামীম মিয়ার উপর হামলা চালায় হাসপাতাল কর্তৃপক্ষ।
এতে উভয় পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে গতকাল উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১৯ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন আহত হন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।