নিজস্ব প্রতিবেদক কাগজ পত্র ও হেলমেট না থাকায় বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এএসআই কামরুজ্জামানের মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ। রোববার (০৪ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর আমতলা মোড় চেকপোস্টে তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার জানান, লকডাউন বাস্তবায়নে আমতলার মোড়ের চেকপোস্টে পুলিশের উপস্থিতিতে নিয়মিত জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি সেখানে হাজির হন।
চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা লকডাউনের মধ্যে তাদের বাইরে বের হওয়ার কারণ জানতে চান। এ সময় মোটরসাইকেল আরোহীর একজন নিজেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্য দাবি করেন। নিজের নাম কামরুজ্জামান ও পদবি এএসআই বলে জানান।
এ সময় তিনি আরও জানান, তার তখন কোনো ডিউটি ছিল না। তিনি কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। এমনকি তার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তাও দেখাতে পারেননি। তাই তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।
উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার জানান, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। তাই সবার জন্যই আইন সমান, তাতে আমাদের পুলিশ সদস্য হলেও কিছু করার নেই। আইন আইনের গতিতে চলবে বলে জানান এই কর্মকর্তা।