অনলাইন ডেস্ক টেসলার সিইও ইলন মাস্ক যখন ‘সম্পূর্ণ স্বচালিত’ গাড়ি কিংবা ‘অটোপাইলট সিস্টেমের’ কথা বলেছিলেন, তখন হয়তো ভাবেননি ভারতীয় বাজারেই তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালক ছাড়াই চলমান এক মোটরসাইকেলের ভিডিও অবশ্য সেই বিষয়টিই সামনে এনেছে। ভাইরাল ভিডিওতে মোটরসাইকেলের পেছনের আসনে এক ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে। বিনা চালকেই দিব্যি চলছিল মোটরসাইকেলটি।
এক টুইটার ব্যবহারকারী প্রথমে ভিডিওটি শেয়ার করেন। মাহিন্দ্রা গ্রুপের প্রধান আনন্দ মাহিন্দা ওই ভিডিও রিটুইট করার পর তা ভাইরাল হয়।
ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে পেছনের দিকে এক ব্যক্তি বসে আছেন। মোটরসাইকেলটি চালক ছাড়াই চলছে। পাশের অন্য একটি মোটরসাইকেল থেকে আরেকজন এই বাইক স্টান্টের ভিডিও করেছেন।
ওই ভিডিও প্রায় আড়াই লাখ বার দেখা হয়েছে। ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যে ভরে গেছে ভিডিওর কমেন্ট বক্স। অনেকেই চালকের দক্ষতার প্রশংসা করেছেন। ঝুঁকিপূর্ণ এসব বাইক স্টান্ট দুর্ঘটনার অন্যতম কারণ বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
আরেকজন আবার লিখেছেন ইলন মাস্ক এই ভিডিও দেখে হতভম্ব হয়ে মঙ্গলগ্রহে বাস করতে চাইবেন।
মাহিন্দ্র গ্রুপ এই রকম ‘সম্পূর্ণ স্বচালিত’ যান বাজারে আনছে কী না, তা জানতে চেয়েছেন আরেক নেটিজেন।
অবশ্য এই বাইক স্টান্ট কিভাবে করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।