ডেস্করিপোর্ট মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে জিহাদ মোল্লা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ চাঁদপুর এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জিহাদ উপজেলার ব্রাক্ষণকান্দা এলাকার ইসলাম মোল্লার ছেলে।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইব্রাহিম মুসা জানান, দুপুরে জিহাদসহ কয়েকজন শিশু বাড়ির অদূরে পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় জিহাদ পানিতে ডুবে যায়। নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে জিহাদের বাবা-মাকে খবর দেয় শিশুরা। পরে এলাকার মানুষ নদীতে খোঁজাখুঁজি করে পৌনে ৩টার দিকে পানিতে ডুবে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে আসেন।
তিনি আরও জানান, হাসপাতালে আনার পর বিভিন্ন পরীক্ষা করার পর শিশু জিহাদকে মৃত ঘোষণা করা হয়। পরে তার পরিবারের লোকজন শিশুর লাশ বাড়িতে নিয়ে যান।