শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৩৭
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ফুঁসে উঠেছে বঙ্গোপসাগর, নিরাপদ আশ্রয়ে জেলেরা

ডেস্করিপোর্ট  ফুঁসে উঠেছে বঙ্গোপসাগর। প্রবল ঢেউ ও ঝড়ো বাতাসে সাগরে টিকতে না পেরে ফিশিংবোট বহর সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। আবহাওয়া দপ্তর ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। বারবার সাগরে গিয়ে দূর্যোগের কবলে পড়ে জেলেরা দিশেহারা হয়ে পড়েছেন।

দুবলা ফিসারমেন গ্রুপের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম জানান, দশ দিনের ব্যবধানে সাগরের আবহাওয়া আবার খারাপ হয়েছে। ঝড়ো বাতাস ও বড় বড় ঢেউয়ে সাগরে মাছ ধরতে না পেরে কয়েক হাজার ফিশিংবোট সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর সাগরে দূর্যোগের কবলে পড়ে জেলেরা ফিরে আসে।

শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, গত দুই দিনে সাগরে বৈরী আবহাওয়ায় শরণখোলার আড়াইশ ফিশিংবোট মহিপুর, নিদ্রাসখিনা,পাথরঘাটা ও সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয় নিয়েছে। ৬৫ দিনের অবরোধের পরে জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে ৪ দফায় দুর্যোগের কবলে পড়ে ফিরে আসতে বাধ্য হয়েছে ফলে জেলে ও বোট মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

পিরোজপুরের পাড়েরহাটের মৎস্য আড়তদার ইকবাল হোসেন বলেন, ইলিশ মৌসুমের শেষ দিকে এসেও বারবার দূর্যোগের কারণে তারা কাঙ্ক্ষিত ইলিশ ধরতে পারেননি।

বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগর উত্তাল হওয়ায় প্রায় সব ফিশিংবোট ঘাটে ফিরে এসেছে।

পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বলেন, সাগরে পানির উচ্চতা বেড়েছে। আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসে বইছে। অনেক ফিশিংবোট দুবলার ভেদাখালী, মেহেরআলী, মানিকখালী, নারিকেলবাড়ীয়া ও ভাঙ্গার খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।