ডেক্সরিপোর্ট:বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় ছাত্রলীগের তদন্ত কমিটি ১১জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) তদন্ত কমিটির সদস্য ও ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ এ তথ্য জানিয়েছেন। দুই সদস্যের তদন্ত কমিটি আরও তথ্য-প্রমাণ পেলে জড়িত অন্যদেরও বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে বলে জানান তিনি।
এর আগে কমিটি ওই ১১ জনকে বহিষ্কারের সুপারিশ করে। সেই অনুযায়ী সোমবার (৭ সেপ্টেম্বর) বুয়েট ছাত্রলীগের ১১ জনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
ইয়াজ আল রিয়াদ বলেন, ‘আবরার হত্যার সঙ্গে জড়িত এমন ১১ জনের নাম পেয়েছি। আরও তথ্য প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে কমিটি।’
হত্যাকাণ্ডে জড়িতরা হলো, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ-দফতর সম্পাদক মুজতবা রাফিদ, মুনতাসির আল জেমি (সদস্য), এহতেসামুল রাব্বি তানিম (সদস্য)ও মুজাহিদুর রহমান (সদস্য)।