ডেক্সরিপোর্ট:রাজধানীর গুলশান-২ এর ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউজ লিমিটেড-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।পরে ওয়্যারহাউজটিকে সিলগালা করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে সেখানে অভিযান শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রাত সাড়ে ১২টা পর্যন্ত গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের ২৩ নম্বর ভবনের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজ লিমিটেডে এই অভিযান চালানো হয়। অভিযানে ৩৮৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮৫ বোতল ফেনসিডিল ও নগদ ৭ লাখ টাকা জব্দ করে র্যাব। যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করে র্যাব ও ঢাকা কাস্টমস বন্ড ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, গুলশানের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজ থেকে ঢাকার বিভিন্ন ক্লাবে মদের বোতল সরবরাহ করা হতো। এছাড়াও এখানে ফেনসিডিল রাখার কোনো নিয়ম নেই। এরপরও তারা নির্ধারিত মজুদের বেশি মদ ও অবৈধ ফেনসিডিল অন্যত্র সরবরাহের জন্য মজুদ রাখে, যা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। তাদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে।