শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:১৩
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন ডিএমপি কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর আজিমপুর এলাকায় জামায়াতে ইসলামীর অনুষ্ঠানে গিয়ে ‘রাজনৈতিক বক্তব্য’ দিতে দেখা গেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (পেট্রল-লালবাগ) শাহ আলমকে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন ডিএমপির সহকারী কমিশনার (পেট্রল-লালবাগ) শাহ আলম।

বক্তব্যে তিনি বলেন, ‘আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে—এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এলাকায় কাজ করবেন, কর্মীর সংখ্যা বাড়াবেন।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা পুলিশ, আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করব।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের একটা সুযোগ আসছে ভোটের বিপ্লবের। ভোটের মাধ্যমে যেন আমরা সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করতে পারি, আমরা সেটা চাই।’

অনুষ্ঠানে জামায়াতের ঢাকা দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা-৭ আসনে জামায়াতের পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। আরও ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য দেলওয়ার হোসেন, নির্বাচন কমিটির সদস্য ডা. শামীমুল বারী এবং লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানা ইউনিটের নেতারা।

কিন্তু, পুলিশের পোশাকে রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে ওই সহকারী কমিশনারের এমন রাজনৈতিক বক্তব্য দেওয়া নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই ওই কর্মকর্তার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহ আলম বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওতে আমার পুরো বক্তব্যটি নেই। আমি এতিমখানায় আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। জামায়াত নেতারা অনুরোধ করায় কিছু কথা বলি। শুরুতে এতিম ও খাবার বিতরণ নিয়ে বলেছি, কিন্তু সেই অংশ ভিডিওতে নেই।’

তিনি বলেন, ‘যে অংশে সৎ মানুষকে ভোট দেওয়ার কথা বলেছি, সেটাই কেটে কেটে ভাইরাল করা হয়েছে, যা একটা রাজনৈতিক বক্তব্যের মতো দেখা যাচ্ছে।’

একজন পুলিশ কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কিনা—এমন প্রশ্নের জবাবে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন বলেন, ‘আমরা ঘটনাটি জেনেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’