মো: রাকিবুল হাসান,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ।। দুমকিতে অগ্নিকাণ্ডে খোরশেদ কাক্কুর ভাতের হোটেলটি পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহেল হাওলাদারের পাশে দাঁড়িয়েছে ইসলামি আন্দেলন বাংলাদেশ দুমকি শাখা। সংগঠনের পক্ষ থেকে তাকে একটি ডিপ ফ্রিজ উপহার প্রদান করা হয়।
জানা যায়, সম্প্রতি অগ্নিকাণ্ডে হোটেলটি সম্পূর্ণরূপে পুড়ে গেলে ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন হোটেলের স্বত্বাধিকারী ও সংগঠনের সদস্য সোহেল হাওলাদার। তার ব্যবসা পুনরায় সচল করতে সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুমকি শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মাহাবুব আলম শামীম, ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ দুমকি শাখার সভাপতি মো. হাসান হাওলাদারসহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে দাঁড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।