ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে তাকে রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় পোড়ানোর মামলার এক আসামিকে ছাড়িয়ে আনতে এয়ারপোর্ট থানায় তদবির করার অভিযোগ করা হয়েছে। তবে নুরুল আমিনের ঘনিষ্ঠ নেতাকর্মীরা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
তাদের ভাষ্য, আলহাজ্ব নুরুল আমিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন প্রবীণ ও ত্যাগী নেতা। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে।
নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিকভাবে তাকে হেয় করা এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন। মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে একজন প্রবীণ রাজনৈতিক নেতার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়।
এ বিষয়ে নুরুল আমিনের অনুসারী নেতাকর্মীরা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট বিষয়ে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।