ডেক্সরিপোর্ট করোনার ঝুঁকি কমাতে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও বরগুনায় অবাধে চলছে কোচিং সেন্টারগুলো। এতে শিক্ষার্থীরা থাকছে করোনা ভাইরাসের ঝুঁকিতে। অবশ্য কোচিং সংশ্লিষ্টরা দেখাচ্ছেন নানা অজুহাত।
স্থানীয় সূত্রে জানা গেছে,স্কুল-কলেজ বন্ধ থাকলেও বরগুনা শহরের অলিতে গলিতে বই ভর্তি ব্যাগ নিয়ে ছুটছে শিক্ষার্থীরা। বিকেল থেকে রাত পর্যন্ত তাদের অবস্থান বিভিন্ন কোচিং সেন্টারে। করোনা ঝুঁকি কমাতে বিদ্যালয় বন্ধ করা হলেও এমন অবস্থা শিক্ষার্থীদের ঠিকই ফেলছে করোনা ঝুঁকিতে। অবশ্য কোচিং পরিচালনাকারী শিক্ষকরা বলছেন,সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম বন্ধ হলে পিছিয়ে পড়বে শিক্ষার্থীরা। তাই কোচিং চালাচ্ছেন তারা।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান বলছেন, এমন অবস্থা চলতে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো সুফল আসবে না।
সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন বলেন, আমাদের যে উদ্দেশ্য যে সোশ্যাল ডিস্ট্যান্সিং তা তো হচ্ছে না।
তবে জেলা প্রশাসক জানালেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্ধ করা হবে কোচিং সেন্টার।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, কোনো কোচিং সেন্টার যদি খোলা থাকে তাহলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি নিশ্চিত করব।