ডেক্সরিপোর্ট নারায়ণগঞ্জ থেকে ট্রলারযোগে পিরোজপুরের নেছারাবাদে আসা ১৮ ব্যক্তিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার উপজেলার কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ব্যক্তিদের কোয়ারেন্টাইনে নিতে গিয়ে সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ৫ জন আহত হন।
এ ঘটনায় আহত সাংবাদিক গোলাম মোস্তফা বাদী হয়ে গতরাতেই ৯ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালকুদার জানান, বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ থেকে একটি ভাড়া করা ট্রলারে করে উপজেলার বলদিয়া ইউনিয়নসহ পাশের এলাকায় কিছু লোক বলদিয়া ইউনিয়নে আসেন। এমন খবর পেয়ে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শহিন আহম্মেদ প্রশাসনকে জানায়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লা আল মামুন বাবু তাদের কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখার জন্য বলদিয়া ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।
নির্দেশ পেয়ে বিকেলে নারায়ণগঞ্জ থেকে আগতদের ওই বিদ্যালয়ে নিয়ে যান ইউপি চেয়ারম্যান।
এসময় এলাকার কয়েক‘শ মানুষজন লাঠিসোটা নিয়ে চেয়ারম্যান ও পুলিশের ওপর হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ হামলায় সাংবাদিক গোলাম মোস্তফা, পুলিশ সদস্য তাজেল, আল মামুন, ইউপি সদস্য মো. সুমন ও চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ির চালক মাসুম বিল্লাহ আহত হন।
এ ঘটনার ভিডিও ধারণ করায় এশিয়া টিভির সাংবাদিক গোলাম মোস্তাফাকে পিটিয়ে তার ডান পা ভেঙে দেন হামলাকারীরা। এ ঘটনায় পুলিশ একজন অভিযুক্তকে আটক করেছে বলে জানান ওসি কামরুজ্জামান।