ডেক্সরিপোর্ট:ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। একইসঙ্গে রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) ও খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আবদুল খালেককে দেয়া হয়েছে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা।
মঙ্গলবার এই তিন মেয়রের পদমর্যাদা নির্ধারণ করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।এ বিষয়টি শিগগির কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
বাংলাদেশে বর্তমানে ১২টি সিটি করপোরেশেন রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন মন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াৎ আইভী উপমন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত রয়েছেন।
মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি মেয়র নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককেও সরকার মন্ত্রীর পদমর্যাদা দিয়েছিল।
এর আগে গত বছরের ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে হারিয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন। অন্যদিকে গত বছরের ১৫ মে খুলনার মেয়র নির্বাচিত হন আরেক আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।
সিটি করপোরেশন আইনে মেয়রদের পদমর্যাদার বিষয়ে কিছু বলা নেই। সরকার কোনো কোনো মেয়রের পদমর্যাদা নির্ধারণ করে দেয়।