আব্দুল্লাহ আল হাসিব,বিশেষ প্রতিবেদক তথ্য গোপন করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে করোনা আক্রান্ত এক বৃদ্ধ চিকিৎসা নেওয়ায় মেডিসিন-৩ ওয়ার্ডটিকে লকডাউন করা হয়েছে। একইসঙ্গে ওই ওয়ার্ডে দায়িত্ব পালনকারী চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হাসাপতালের পরিচালক শেবাচিম কলেজের অধ্যক্ষ, মেডিসিন বিভাগের প্রধান এবং ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসাপতালের উর্ধ্বনতন কর্মকর্তারা জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেন।
জানা গেছে, হাসপাতালের ওই ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর শরীরে করেনাভাইরাস শনাক্ত হলে এই ব্যবস্থা নেওয়া হয়।
রাতেই এ বিষয়টি নিশ্চিত করেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.মোহম্মাদ বাকির হোসেন। তিনি বলেন, গত সোমবার জ্বর-কাশি ও শ্বাসকষ্টের তথ্য পোপন করে এক রোগীকে তার আত্মীয়রা হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডের ইউনিট-৩ এ ভর্তি করেন। এরপর ১৫ এপ্রিল ওই রোগীর এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হলে তাৎক্ষণিক তাকে করোনা আইসোলেশন ইউনিটে প্রেরণ করেন এবং রোগীর নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে প্রেরণ করা হলে সেখান থেকে বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টে ওই রোগীর শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। তার পরে জরুরি সভা করে মেডিসিন ওয়ার্ডটি লকডাউন করা হয়। পাশাপাশি ওই ওয়ার্ডে দায়িত্ব পালনকারী ২৪ থেকে ২৫ জন চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।