আব্দুল্লাহ আল হাসিব,বিশেষ প্রতিবেদক করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অনির্দিষ্ট কালের জন্য পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে রবিবার(১৯ এপ্রিল) জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক গণ -বিজ্ঞপ্তিতে পটুয়াখালী জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ছয়টা থেকে এ কার্যক্রম চলমান থাকবে।
পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, পটুয়াখালী জেলার পার্শ্ববর্তী জেলা বরিশাল ও বরগুনা জেলার করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক সন্ধ্যা থেকে জেলাকে লকডাউন ঘোষণা করা হচ্ছে।

সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, পটুয়াখালী থেকে এ পর্যন্ত ২৫০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ২ জন ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া গেছে। যেহেতু পাশ্ববর্তী জেলাগুলোর থেকে পটুয়াখালী জেলার করোনা পরিস্থিতি ভালো তাই এই অবস্থান ধরে রাখতেই লকডাউন করা হচ্ছে।
এই নির্দেশের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার জাতীয়, আঞ্চলিক সড়ক মহাসড়ক, নৌপথ বা অন্য যে কোন পথে কোন ব্যক্তি এ জেলায় প্রবেশ এবং বাহির হতে পারবেন না। তবে জরুরী পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এই অবরুদ্ধ কর্মসূচীর বাইরে থাকবে।