কামরান হাবিব, রংপুর, প্রতিনিধি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী সীমান্তে শর্টগানের গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় এক বিজিবি সদস্যসহ আহত ৩ বাংলাদেশি আহত হয়েছেন।
আহতরা হলেন- বিজিবি সদস্য খোকন মিয়া (৩৫), বুড়িমারী ইউনিয়নের তাঁতীপাড়া এলাকার আবদুল আজিজ পেট্টু (৪৫) ও আইনুল হক (৪০)। আহতদের মধ্যে বিজিবি সদস্য খোকন ও আইনুল প্রাথমিক চিকিৎসা নিলেও আব্দুল আজিজের ডান হাতে অস্ত্রোপচার করে রাবার বুলেট অপসারণ করা হয়েছে।
ভারত থেকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকালে বাংলাদেশিরা বাধা দেয়। এতে ক্ষীপ্ত হয়ে বিএসএফ গুলি ছোঁড়ে। সন্ধ্যার পর সীমান্তের ওপারে শক্তিবৃদ্ধি করেছে বিএসএফ। অপরদিকে গ্রামবাসীর পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।
প্রত্যক্ষদর্শী ও সীমান্ত এলাকার লোকজন জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে ভারতের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের অন্তত ২৫ সদস্যের একটি দল বুড়িমারী-চ্যাংরাবান্ধা জিরোপয়েন্টের অভিবাসন চৌকির পাশ দিয়ে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় বিএসএফের দলটি বাংলাদেশের কমপক্ষে ১০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে। বিষয়টি লক্ষ্য করে জিরোপয়েন্টে দায়িত্বরত বিজিবি সদস্য ও সীমান্তের লোকজন এতে বাধা দিলে পিছু হটে বিএসএফের দলটি। কিছুক্ষণ পর অস্ত্র নিয়ে চ্যাংরাবান্ধা ক্যাম্প থেকে প্রায় ৭০-৮০ জনের এশটি দল পুনরায় ওই মানসিক ভারসাম্যহীণ ব্যক্তিকে নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালাতে আবারও বাধা দেয় বিজিবি ও সীমান্তবাসীরা। পরে শর্টগানের অন্তত ৬ রাউন্ড গুলি ছুঁড়ে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরে যায় দেশটির সীমান্তরক্ষীরা।
প্রত্যক্ষদর্শী ও বুড়িমারী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর ইসলাম বলেন, ‘বিএসএফ ভারত থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আমাদের দেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে নিরস্ত্র গ্রামবাসীর ওপর তারা গুলি চালায়।’
রাত সাড়ে আটটার দিকে রংপুর ৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দর ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে এখন উত্তেজনা বিরাজ করছে তবে আমরা বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছি । আমরা প্রস্তুত রয়েছি ভারতীয় বিএসএফের যে কোনো ধরনের হামলা প্রতিহত করার জন্য। তাই সকল স্তরের জনগণকে শান্ত থাকার আহবান জানিয়ে আমরা সকলের সহযোগী কামনা করছি।