সৌম্য গঙ্গোপাধ্যায়,কলকাতা প্রতিনিধি ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়াল। এখনও পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৮৫ জনের। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৮৮১ জন।
যদিও উদ্বেগের বিষয় হল, একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন। একদিনে আক্রান্তের এই সংখ্যা রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ২৪৪ জন।
কলকাতাতেও ক্রমেই সংক্রমণের গতি বাড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। পশ্চিমবঙ্গে করোনায় মৃত ও আক্রান্তের নিরিখে এক নম্বরে রয়েছে কলকাতার নাম। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত কলকাতায় মোট ৫ হাজার ৪০২ জন করোনা আক্রান্ত। রাজ্যে মৃত্যু হয়েছে ৩৫৯ জনের।
পাশাপাশি, আইসিএমআর-এর সেরো সার্ভে রিপোর্ট দেখেও উদ্বেগ বাড়ছে। এই সমীক্ষার মধ্যে দিয়ে বোঝা যায়, মানুষের শরীরে ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কি না। সেই সেরো সার্ভে রিপোর্ট অনুযায়ী, কলকাতায় ৩৯৬ জনের রক্তের আইজিজি পরীক্ষা করা হয়েছিল। ৩৯৬ জনের মধ্যে ৫৭ জনই আইজিজি পজিটিভ। সংগৃহীত নমুনার নিরিখে যা ১৪.৩৯ শতাংশ।
দক্ষিণ ২৪ পরগনায় ৪০০ জনের রক্তের আইজিজি পরীক্ষা করা হয়। তার মধ্যে ১০ জন আইজিজি পজিটিভ। সংগৃহীত নমুনার নিরিখে যা ২.৫ শতাংশ। আলিপুরদুয়ারে ৪০০ জনের রক্তের আইজিজি টেস্ট হয়। এর মধ্যে চারজনের আইজিজি পজিটিভ এসেছে। সংগৃহীত নমুনার নিরিখে যা মাত্র এক শতাংশ। বাকি ৩ জেলার মধ্যে পূর্ব মেদিনীপুরে তিন, বাঁকুড়া ও ঝাড়গ্রামে একজন করে আইজিজি পজিটিভ পাওয়া গেছে।
চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি-র নেতৃত্বে রাজ্যের ৬ জেলায় সেরো সার্ভে চালানো হয়। কলকাতা পুরসভা ও নাইসেড আইজিজি-র নমুনা সংগ্রহ করতে সাহায্য করে। আর সেই সমীক্ষা রিপোর্টই বলে দিচ্ছে, করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে অ্যান্টিবডি পজিটিভ ব্যক্তির সংখ্যা অন্যান্য জেলার চেয়ে কলকাতায় সবচেয়ে বেশি।
এদিকে, রাজ্যের স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৫২১ জন আক্রান্ত। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এই নিয়ে বাংলায় মোট করোনা আক্রান্ত ১৬ হাজার ৭১১ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৬২৯ জনের।