শামীম আহমেদ বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে ১৪ হাজার ১৩০ মিটর অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে র্যাব-৮ এর সদস্যরা। পাশাপাশি এ সময় ঘটনার সাথে জড়িত ৯ কারবারিকে আটকও করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আব্বাস উদ্দিন বাদী হয়ে বৃহষ্পতিবার (২০ আগস্ট) উজিরপুর মডেল থানায় সুরক্ষা ও সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেছেন। দুপুরে বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৯ আগস্ট দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সিপিএসসি’ একটি বিশেষ অভিযানিক দল উজিরপুর থানাধীন হারতা বাজারে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ঠাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ৯ জন ব্যক্তিকে আটক করে, যারা নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের সাথে জড়িত। আটককৃতরা হলো, গোপালগঞ্জের কোটালিপাড়া থানাধীন হরিণাহাটি এলাকার মোঃ ফারুক গাজী(৫৫), হারুন অর রশিদ(৫৮), আঃ ছালাম গাজী(৫৫), আঃ মজিদ সর্দার(৬২), উত্তর পাড় এলাকার মোঃ ওসমান তালুকাদার (৫০) ও সীতাইকুন্ড এলাকার মোঃ আতাউর কাজী (৫৭)।
এছাড়া বরিশালের উজিরপুর উপজেলার হারতা এলাকার শামসুল হক বাহাদুর(৫২), দীপক রায় (৪০) ও যুগিরকান্দা এলাকার অরুণ দাস (৩৫)। তাদের দেয়া তথ্যানুযায়ী একটি টিনশেডের দোকান থেকে ৯ টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ১৫৭ কেজি কারেন্টের জাল জব্দ করা হয়। যেখানে মোট ১৪ হাজার ১৩০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল রয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৭ হাজার টাকা।