ডেস্ক রিপোর্ট গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় আগুনে ১০টি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিলগেটের কো-অপারেটিভ মার্কেটে তুলার গুদামে আগুন লাগে। এ সময় ১০টি গুদাম পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সকালে হঠাৎ করেই কো-অপারেটিভ মার্কেটে মাসুদ এন্টারপ্রাইজে তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পাশের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে উত্তরা টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ১০টি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে— বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।