ডেক্সরিপোর্ট:জনগণের দুর্ভোগ লাঘবে আইন মন্ত্রণালয়ের অধীনে থাকা সাব-রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ করেছে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটি সাব-রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলেছে। এ ছাড়াও গ্রামীণ জনপদে যে সব রাস্তা অবৈধ দখলে রয়েছে তা চিহ্নিত করার পাশাপাশি উদ্ধারেরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকের কার্যপত্রে দেখা গেছে, ২০১৫ সালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীকে চিঠি দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছিলেন তৎকালীন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
চিঠিতে আরও বলা হয়, সহকারী কমিশনার ভূমি, সেটেলমেন্ট অফিস ও সাব-রেজিস্ট্রার অফিস থেকে জমির মালিকানা পরিবর্তনের কাজ হচ্ছে। ভূমি ব্যবস্থাপনা কাজে গতি আনতে এই তিন শাখাকে একই মন্ত্রণালয়ের অধীনে আনার প্রয়োজনীয়তা রয়েছে।
এ নিয়ে বিভিন্ন সময়ে উদ্যোগ নেয়া হলেও বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় সংসদীয় কমিটির সদস্যরা বিষয়টি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
বৈঠকে ৩০ জুন সমাপ্ত ভূমি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘সারা দেশের শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প’-এর ফলাফল বা লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে পর্যালোচনা হয় এবং কমিটি এ সংক্রান্ত কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করে।
কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।