শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:অবৈধভাবে দালালের মাধ্যমে ভারত যাওয়ার পথে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মমতাজগঞ্জ বাজার এলাকা থেকে নারী-পুরুষ,শিশু ও এক দালালসহ ১৪ জন রোহিঙ্গা কে আটক করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে দর্পনগর-মমতাজগঞ্জ খেওয়াঘাট থেকে কানাইঘাট থানার পুলিশ তাদেরকে আটক করে।
স্থানীয় সূত্র জানায়, একটি আদম পাচারকারী চক্র রোহিঙ্গা নারী-পুরুষদের অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাচারের জন্য মঙ্গলবার রাতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটের কানাইঘাটে নিয়ে আসে।
বুধবার ভোরে কানাইঘাট থানার এক দল টহল পুলিশ দর্পনগর-মমতাজগঞ্জ খেওয়াঘাট এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখলে তাদেরকে আটক করে।আটককৃত ১৪ জনের মধ্যে ৬ জন শিশু, ৪ জন মহিলা, ২ জন পুরুষসহ তাদেরকে পাচারকারী ১ জন দালাল ও বহনকারী ১ জন গাড়ীর ড্রাইভার রয়েছে।
আটককৃতরা হলেন- আজিজুল হক,মুজিবুল হক,ফরিদ মিয়া, ছালেহা বেগম, মীর জাহেদ, জাবুল হক, মো. ওয়ারেছ, তছলিমা বেগম, দেলোয়াছ বেগম, মুসতাকিম, মন্তাজ বেগম, তমাল হোসেন, ছৈয়দ আলম ও মো. সকি।
সুত্র জানায়,আটককৃতরা সিলেট হয়ে ভারতের মেঘালয় যাওয়ার জন্য দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানিয়েছে।
কানাইঘাট থানার ওসি জানান,আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।