শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জুবের আহমদ পিপিএম (সেবা) -এর দাফন সম্পন্ন করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সিলেট পুলিশ লাইন্সে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম; সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি (প্রশাসন) মোঃ তওফিক মাহবুব চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার কামরুল আমীন, ফয়সল মাহমুদ, আজবাহার আলী শেখ পিপিএম সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
এসময় তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও সালাম প্রদান করা হয়।
পরবর্তীতে বাদ মাগরিব নগরীর নয়াসড়ক জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মানিক পীর (রঃ) মাজারের গোরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, রোববার (১১আগস্ট) সিলেট নগরীর চারাদিঘীর পার এলাকার “আলামিন-৫” বাসার চতুর্থ তলার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানতাবশতঃ নিচে পড়ে যান এই পুলিশ কর্মকর্তা। পরবর্তীতে তাকে উদ্ধার করে মাউন্ট এডোরা হসপিটাল নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।