ডেস্করিপোর্ট বরিশালে হারিয়ে যাওয়া ১২ টি মোবাইল মালিকদের কাছে ফেরত দিয়েছেন জেলা পুলিশ সিপার ওয়াহিদুল ইসলাম বিপিএম।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম হারিয়ে যাওয়া মোবাইল গুলো মালিকদের কাছে হস্তান্তর করেন।
এ সময় জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম বলেন,বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।জনসাধারনের জীবন যাত্রা নিরাপদ রাখতে বরিশাল জেলা পুলিশের এ সেবা অব্যাহত থাকবে। আমি জানতে পেরেছি বরিশালে প্রচুর মোবাইল চুরি হয়। হাটে-বাজারে যাওয়ার সময়ে কিছু লোক সেগুলোকে নিয়ে যায়। অল্প দামি হলেও যার যায় সে বোঝে তার সম্পদের মূল্য কতখানি। মোবাইলে ব্যক্তিগত ছবি থাকে, তথ্য থাকে। এগুলো হারিয়ে গেলে দামের পাশাপাশি সম্মানও হারায়। এজন্য আমরা চেষ্টা করেছি, আপনাদের সম্পদ আপনাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য।

তিনি বলেন, থানাগুলোতে যে সাধারণ ডায়েরি হয়েছে, সেগুলো আলাদাভাবে পর্যালোচনা করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। মোবাইলগুলো আমরা তৃতীয় পক্ষের কাছ থেকে উদ্ধার করেছি। অর্থাৎ যে কিনেছে। এখন আমরা সেই চক্রকে খুঁজছি যারা মোবাইল চুরি করে। আশা করছি অল্প সময়ের মধ্যে তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে পারব।
এর আগে বরিশাল জেলা পুলিশের নবাগত সুযোগ্য পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের আইসিটি শাখা ও ডিবি পুলিশের একটি বিশেষ টিম বরিশাল জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া ১২ টি মোবাইল ফোন সনাক্ত করে উদ্ধার করেন।পরে তা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
উপকারভোগী সাদিয়া বিনতে জাকির বলেন, মোবাইলটিতে পারিবারিক অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। আমি ফিরে পাওয়ায় খুব বেশি খুশি হয়েছি। দামের চেয়েও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহকারে ফেরত পেলাম। এজন্য পুলিশকে ধন্যবাদ জানাই।

শুধু তিনি নয়, এমন ১২ জন শোনালেন তাদের সন্তুষ্টির কথা। মাত্র ৭ দিনের মধ্যে মোবাইল ফিরে পেয়েছেন আগৈলঝাড়ার হাবিবুর রহমান। তিনি বলেন, এর আগে হারানো মোবাইল ফেরত পেয়েছে এমন কোনো ঘটনা আমি জানি না। বরিশালে এবারই প্রথম হারানো মোবাইল উদ্ধারে পুলিশের টিম কাজ করছে এবং আমরা মোবাইলগুলো ফেরত পাচ্ছি।
সহকারী পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, পুলিশ সুপার স্যার এসে মোবাইল উদ্ধারের উদ্যোগ নিয়েছেন। কারণ মোবাইল মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ১২ জনকে নিজ হাতে মোবাইল তুলে দিয়েছেন। আশা করছি সামনের দিনগুলোতে আরো দ্রুততার সঙ্গে হারানো মোবাইল উদ্ধার করা সম্ভব হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহজাহান হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার পিপিএম, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।