বরিশাল প্রতিনিধি ।। বরিশাল শেবাচিম হাসপাতালে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের গৃহবধূ মুক্তা আক্তার পুতুল (২৪)।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বরিশাল শের-ই -বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চার সন্তান প্রসব করেন। এর আগে শুক্রবার সকাল ৭টায় তার প্রসব বেদনা হলে তিনি শেবাচিম হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন।
হাসপাতাল সূত্রে জানাগেছে, পুতুল ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা বাহরাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। প্রসূতি মা ও সন্তানেরা সবাই সুস্থ আছে। তাদের নাম রাখা হয়েছে সায়েম, সালিম, আলিম ও আয়শা।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহিন বলেন, এখন পর্যন্ত কোনো শিশু শঙ্কামুক্ত না। কারণ ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর যে ওজন থাকার কথা, তা কারোরই নেই। তাই চারটি শিশুকেই হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে রাখা হয়েছে।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এম আর তালুকদার মুজিব জানিয়েছেন, এমনিতে বাহ্যিকভাবে দেখে শিশুদের সবকিছু স্বাভাবিক ও ভালো মনে হচ্ছে।তবে চারটি বাচ্চার মধ্যে একটির ওজন বেশী ও তিনটির ওজন কম হওয়ায় সব শিশুকেই অবজারবেশনে রাখা হয়েছে।