ডেস্ক রিপোর্ট ।। বরিশালে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জনগণের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ।
গতকাল (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এর আগেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভিড় করেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় নারী-পুরুষ ভোটারদের। নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
সকাল সাড়ে ১১ টায় সৈয়দুর রহমান সরকারি প্রার্থমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন, বরিশাল সদর ৫ আসনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
ভোট প্রদান শেষে সরোয়ার বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠ রয়েছে। মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এভাবে ভোটগ্রহণ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি।
এদিন সকাল ৮টায় নগরীর রুপাতলী এলাকার রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘মানুষের দীর্ঘ অপেক্ষার পর যে কাঙ্ক্ষিত ভোট হচ্ছে, সে ভোট যাতে ভোটাররা ভালোভাবে দিতে পারেন, সে ব্যাপারে প্রশাসনের নজরদারি প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো থাকলেও চূড়ান্ত ফলাফল না পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।’
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ১৯ হাজার ৯৩ জন এবং পুরুষ ভোটার ১১ লাখ ৩৬ হাজার ৪৬৭ জন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৩৩টি।
অন্যদিকে, বরিশাল-৫ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৬১৭ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৬৭৭ জন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭৬টি।