নিজস্ব প্রতিবেদক ।। বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্যারেন্টিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিস ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মাদ ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ বলেন, আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে মানবিক গুণাবলী অর্জন করতে পারছে না। শিক্ষার মূল উদ্দেশ্য হাসিল করতে না পারার কারণে দেশের কাঙ্খিত উন্নতি সাধিত হচ্ছে না। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতার পরিচয় দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার হিম্মত অনেক শিক্ষার্থীর মধ্যে পাওয়া যাচ্ছে না, যার ফলে যুগের চাহিদার আলোকে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ দেশের ভিতরে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা করার চ্যালেঞ্জ হাতে নিয়েছে। এখানে অধ্যয়নকারী শিক্ষার্থীগণ যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে সক্ষম হবে।
ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ বরিশাল শাখার চেয়ারম্যান ডক্টর আব্দুস সবুর মাতুুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারি রিয়াজুল ইসলাম।
সমাপনী বক্তব্য রাখেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এবং পিস স্কুল বরিশাল শাখার ভাইস চেয়ারম্যান ডা. কে.এম. জাহিদুল ইসলাম।
সকাল সাড়ে ৯টায় ক্বারি মাসুদ বিন মোস্তফার পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়,এরপর হামদে বারি তা’আলা পরিবেশন করেন শিল্পী আহনাফ আদিল।
অনুষ্ঠানে মেহমানবৃন্দ বক্তব্য প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে কি কি সমস্যা এবং তা থেকে কিভাবে উত্তরণ করা যায় সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। সন্তান প্রতিপালনে এবং তাদের শিক্ষাদানে অভিভাবকদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা রাখেন। শিক্ষার্থী এবং অভিভাবক মিলে প্রায় সহস্রাধিক ডেলিগেটের উপস্থিতির মাধ্যমে শিল্পকলা একাডেমি সমস্ত হল রুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল শাখার সকল ডোনার, এসোসিয়েট এবং জেনারেল মেম্বার ও পিস ইন্টারন্যাশনাল স্কুলের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।