সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক

মেহেরাব হোসেন রিফাত,বরিশাল ।। বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএম কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বরিশালের বাংলাবাজার শাখার প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন বাংলা বাজারের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) মো. জুয়েলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন বলেন, বিএম কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পেরে তিনি আনন্দিত। সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দক্ষিণাঞ্চলের মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পৌঁছে দিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কর্মরত পাঁচ শতাধিক কর্মীর মধ্যে শতাধিক বিএম কলেজের সাবেক শিক্ষার্থী রয়েছেন বলেও জানান তিনি। এ সময় কলেজের অসচ্ছল শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসায় বিশেষ ছাড়ের পাশাপাশি পপুলার ট্রাস্ট ফান্ড থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, শিক্ষা ও স্বাস্থ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা। শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার বিকাশের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমঝোতা স্মারকের ফলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাবেন। তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাধারণ রোগীদের জন্য নির্ভুল ও মানসম্মত পরীক্ষার প্রতিবেদন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন মেডিকেল কলেজ স্থাপন এবং নিয়মিত স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান।

সমঝোতা স্মারক অনুযায়ী, বিএম কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অফিসের কর্মচারীরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বরিশালের বাংলাবাজার শাখা থেকে বিভিন্ন চিকিৎসাসেবা ও পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এর মধ্যে রয়েছে সব ধরনের হরমোন ও প্যাথলজি পরীক্ষায় ছাড়। এ ছাড়া সিটি স্ক্যান, এমআরআই ও বিভিন্ন রেডিওলজি পরীক্ষায় বিশেষ ছাড়ের সুবিধা থাকবে। তবে এ সুবিধার বাইরে থাকবে এন্ডোস্কপি, কোলনোস্কপি ও এনসিএস পরীক্ষা। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত ওষুধের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সমঝোতার মাধ্যমে বিএম কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী হবে।