অনলাইন ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সরকার নারী-শিশু ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার জন্য নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে’সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে লিঙ্গ বৈষম্য কমিয়ে আনতে হবে।’
শনিবার বিকেলে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত দুই দিন ব্যাপী নারী, শিশু ও প্রতিবন্ধীদের উপর নির্যাতন বন্ধ ও অধিকার রক্ষা সংক্রান্ত প্রচারাভিযানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মোট জনসংখ্যার অর্ধেক নারী অর্ধেক পুরুষ। নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে না পারে তবে আমাদের অভীষ্ট লক্ষ্য পূরণ করা সম্ভব হবে না। এখন জনসাধারণের সচেতনতাই পারে এর সুফল নিশ্চিত করতে।’
তিনি আরও বলেন,’বাংলাদেশের আর্থ সামাজিক উন্নতির সাথে মূল্যবোধের উন্নতি হচ্ছে। আমাদের মাথাপিছু আয় বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দুর্বার গতিতে এগিয়ে চলেছি। আর তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দীর্ঘদিন ধরেই এই সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। বিশ্বের বুকে দেশের জন্য সুনাম কুড়িয়েছেন, দেশকে সম্মানিত করেছেন। তারই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ে প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের বলেন,’আমরা সকলের জন্য নিরাপদ ও বাসযোগ্য একটি নগরী গড়ে তোলার জন্য কাজ করছি।’
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলিমা আহমাদ, নাহিদ ইজহার খান, শবনম জাহান, অপরাজিতা হক ও ক্রিকেটার তাসকিন আহমেদ। ‘নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশন দুই দিন ব্যাপী ‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম’ শীর্ষক এ প্রচারাভিযানের আয়োজন করে।