ডেক্সরিপোর্ট ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন।
বুধবার (২৫ মার্চ) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
ফখরুল বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা ইতিমধ্যে তার বাসায় আছেন। তার সঙ্গে ডাক্তার আলোচনা করছেন। আপাতত কিছুদিনের জন্য ম্যাডামকে কোয়ারেন্টিনে রাখা হবে। ডাক্তাররা এ বিষয়ে আলোচনা করবেন। তার সঙ্গে যাতে কেউ দেখা করতে না পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি।
সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ ৭ নেতা চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসভবন ফিরোজায় যান।
ফখরুলের সঙ্গে যাওয়া অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
অন্যদিকে বিএনপিপন্থী একটি চিকিৎসক দলও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় যান। এরা হলেন- প্রফেসর ডা. এফএফ রহমান, প্রফেসর ডা. রজিবুল ইসলাম, প্রফেসর ডা. আবদুল কদ্দুস, প্রফেসর ডা. হাবিবুর রহমান, প্রফেসর ডা. সিরাজ উদ্দিন ও প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন।