ডেক্সরিপোর্ট দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে। এবং গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। এটা নিয়ে মৃতের সংখ্যা ১৭ জন।
নতুন শনাক্তদের মধ্যে ২০ জন ঢাকার এবং ১৫ জন নারায়ণগঞ্জের। তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৩ জন।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
নতুন করে আর কেউ সুস্থ হয়ে ওঠেনি। করোনা আক্রান্ত ৪১ জনের মধ্যে পুরুষ ২৮ জন, মহিলা ১৩ জন। বয়স বিভাজন এর ক্ষেত্রে ১০ বছর নিচে একজন। ১১ থেকে ২০ বছরের মধ্যে চারজন, ২১ থেকে ৩০ মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরে মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে রয়েছেন সাতজন, ৬০ বছরের উপরে রয়েছে ৫ জন।
করোনা আক্রান্ত ৪১ জনের মধ্যে ২০ জন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ১৫ জন, কুমিল্লায় একজন, কেরানীগঞ্জে একজন, চট্টগ্রামে একজন শনাক্ত হয়েছে।
নতুন মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে ৬০ বছরের উপরে দুইজন, ৫০ থেকে ৬০ এর মধ্যে রয়েছে দু’জন, ৪০ থেকে ৫০ এর মধ্যে রয়েছে একজন। এদের মধ্যে দু’জন ঢাকার, বাকি তিনজন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।