স্টাফ রিপোর্টার করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে খাদ্য সহায়তা বিতরনেরর ১১তম দিন বুধবার নগরীর ৫নম্বর ওয়ার্ডের কিছু এলাকা এবং ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের ১৪০০ পরিবারের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়। এতে রয়েছে চাল,ডাল, আলু ও সাবান।
বিসিসি সূত্রে জানা গেছে, করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষনাসহ অনেক এলাকা লকডাউন করা হয়। এর ফলে নগরীর খেটে খাওয়া অগনিত মানুষ কর্মহীন হয়ে পড়ে। এসকল অসহায় মানুষের দূর্দশা লাঘবে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ও মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে গত ৩০ মার্চ থেকে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়।
তারই ধারাবাহিকতায় গতকাল পর্যন্ত নগরীর অসহায় প্রায় সাড়ে বার হাজার পরিবারের মাঝে এসহায়তা পৌঁছে দেয়া হলো। যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।তার পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সম্ভব সবধরণের সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে। জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
খাদ্য সহায়তা প্রদানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বিসিসির কর্মকর্তা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দূর্যোগের এই সময়ে খাদ্য সহায়তা পেয়ে অসহায় মানুষগুলো মেয়র সাদিক আবদুল্লাহসহ সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।