ডেক্সরিপোর্ট বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা সহ দুই যুবক গ্রেপ্তার হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) রেহান উদ্দিন শহরের উত্তর সাগরদী সরদারপাড়া থেকে জাহিদ হোসেন (৩২) ও এসআই খাইরুল আলম কাজীপাড়া খালপাড় সড়কে অভিযান চালিয়ে বাবু শেখ (২৬) নামের যুবককে গ্রেপ্তার করেন।
রোববার সন্ধ্যায় অভিযানে গ্রেপ্তার যুবকদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা পরবর্তীতে হস্তান্তর করে ডিবি পুলিশ।
এসআই রেহান উদ্দিন জানান, সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরদী সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছে থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তার যুবক ওই এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে।
প্রায় একই সময়ে ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া খালপাড় সড়কে অভিযান চালিয়ে বাবু শেখকে গ্রেপ্তার করে এসআই খাইরুল আলম। এসময় যুবকের শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পায় ডিবি পুলিশ। যুবক পার্শ্ববর্তী ১৪ নম্বর ওয়ার্ডের বাদশা শেখের ছেলে।
গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধারের বিষয়টি রাতে এক ইমেল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে ডিবি অফিস।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়- গ্রেপ্তার যুবকদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।