শামীম আহমেদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটির শাখা নদীতে দাদার সঙ্গে গোসল করতে গিয়ে দুই শিশুর শলিল সমাধি ঘটেছে।
তারা হচ্ছেন- জুবায়ের(৪) ও আ: রহমান (৭) রোববার সন্ধ্যা ৬টায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। চরমামদ্দি পুলিশ ফাড়ি ইনচার্জ উপ পরিদর্শক ইকবাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চরাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোপালপুর গ্রামের জয়নাল আবেদীন দুই নাতী জুবায়ের ও আ: রহমানকে নিয়ে সংলগ্ন রাঙ্গামাটি নদীতে গোসল করতে যান। দুপুর দেড়টায় দাদা নাতীদের নদীর পাড়ে বসিয়ে রেখে ছাগলের জন্য কাঠাল পাতা সংগ্রহে গাছে ওঠেন। কিছুক্ষন পর দাদা এসে দেখেন নাতীরা নেই। নদীর পাড়ে জুতা পড়ে আছে।
ওই ঘটনার পর স্বজনরা খোঁজাখুজি করতে থাকেন। সন্ধ্যা ৬টায় শিশু জুবায়ের ও আ: রহমানের লাশ রাঙ্গামাটি নদীতে ভেসে ওঠে। জানা গেছে, মৃত দুই শিশু চাচাত ভাই। জুবায়ের এর বাবা মামুন পাহোলান ও রহমানের পিতা সোহেল পাহোলান ঢাকায় রঙমিস্ত্রীর কাজ করেন। মামুন ও সোহেল আপন ভাই।