শাহ সুমন বানিয়াচং প্রতিনিধি বানিয়াচংয়ে মানিক নামের এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মানিকের মা আদালতে হাজির হয়ে ছেলের বিরুদ্ধে স্বাক্ষী প্রদান করে তার সাজা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় উপজেলার ইকরাম গ্রামে মাদকদ্রব্য সেবন ও রাখার অপরাধে মৃত মহরম আলীর ছেলে মানিক মিয়া (১৮)কে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)গ ধারা লঙ্ঘন করার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এসআই সোহেল আহম্মেদ এবং সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধ্রুবেশ চক্রবর্ত্তী ।