শাহ সুমন, বানিয়াচং(হবিগঞ্জ) হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
মঙ্গলবার( ৪আগস্ট) দুপুর ১২টায় বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের রহমতপুর ও শাহজালালপুরের মধ্যবর্তী রুপা চকেরির হাওরে এই দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজনের লাশ উদ্ধার করা হলেও দু‘জন নিখোঁজ রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোট ডিঙ্গি নৌকায় করে পার্শ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা থেকে বেড়াতে যাওয়ার পথে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে বানিয়াচং থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দূর্ঘটনাস্থলে এসে দোলেনা (২৫) নামে একজনের লাশ উদ্ধার করেন। নিখোঁজ দু‘জন হলেন, দোলেনার ভাই আলী নূর (৩৮) ও আলী নূরের ছেলে খোকন (৭)।নিহত দোলেনা বেগম আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত আব্দুল আউয়াল মিয়ার কন্যা।
বানিয়াচং বিথঙ্গল পুলিশ ফাড়ির ইনচার্জ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
খবর পেয়ে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ও বানিয়াচং থানা ইনচার্জ এমরান হোসেন দূর্ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে তদারকি করছেন।