শামীম আহমেদ বরিশালের হিজলায় উপজেলায় সোমবার (৩১ই) আগস্ট রাত আনুমানিক সোয়া ৮টার দিকে মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে ১১ বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মেমানীয় সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই স্পিডবোটের চালকসহ আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হিজলা স্থনীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
মেমানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার জানান, নিহতের নাম রাজিয়া। সে ওই ইউপির ভারৈয়া গ্রামের বেল্লাল রাঢ়ির মেয়ে। কিন্তু সে গত কয়েকদিন ধরে একই ইউপির চরকুশুরিয়া গ্রামে তার মামা আব্দুল্লাহর সঙ্গে থাকত।
হিজলা গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জানান, শনিবার আব্দুল্লাহ চিকিৎসার জন্য বরিশাল যান। এ সময় তার সঙ্গে রাজিয়াও গিয়েছিল। সোমবার চরকুশুরিয়া ফেরার জন্য মামা ভাগ্নি হিজলা উপজেলার পুরান লঞ্চঘাট থেকে রাত ৮টার দিকে হিজলা গৌরবধী রুটের স্পিডবোটে ওঠেন। এ সময় বোটে চালকসহ তারা তিনজন ছিলেন। সোয়া ৮টার দিকে মেমানীয়া মেঘনা মোহনায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। ওই স্পিডবোটে চালকসহ ছয়জন ছিল।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, স্পিডবোটের বডি ভেঙে রাজিয়ার পেটে ঢুকে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। তবে শিশুর মামা আব্দুল্লাহ অক্ষত আছেন। দুই স্পিডবোটের চালকসহ আহত তিনজনকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।