যুগান্তরের সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
এতে ঢাকার কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর এবং চট্টগ্রামের লোহাগাড়া প্রতিনিধি সেলিম উদ্দিনের মুক্তির দাবি করা হয়। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে ও সাঈদ পান্থের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আখতার ফারুক শাহীন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বরিশাল নিউজ এডিটর্স কাউন্সিলের সাধারণ সম্পাদক খন্দকার রাকিব, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি দিপু তালুকদার প্রমুখ। মানববন্ধনে যুগান্তরের দুই সাংবাদিকের মুক্তিসহ সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, যুগান্তরের সাংবাদিকদের মুক্তির দাবিতে গৌরীপুর স্বজন সমাবেশের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। উপজেলা স্বজন সমাবেশের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সহসভাপতি কবি নুরুল আবেদিন। সঞ্চালনা করেন পৌর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা। বক্তব্য দেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টু, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শাহজাহান, কলামিস্ট লেখক আওলাদ হোসেন জসীম, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা সদস্য কবি শামীমা খানম মীনা, চাঁদের হাট অগ্রদূত শাখার দফতর সম্পাদক মো. আমিরুল মোমেনীন, বাংলাদেশ মহিলা পরিষদের নারী নেত্রী গোপা দাস, উপজেলা স্বজনের সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. শাহীন মিয়া, উপজেলা স্বজনের পরিবেশ সম্পাদক জান্নাতুল মাওয়া, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া, গৌরীপুর সরকারি কলেজ স্বজন সমাবেশের সহসভাপতি মো. ইমামুল হক, তারিফুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউছার, মো. রাজিব মিয়া, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, অর্থ সম্পাদক লিমন মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শাহীন মিয়া, স্কুল সম্পাদক মো. সজিব মিয়া, ধর্ম সম্পাদক মো. উবায়দুল হাসান, দফতর সম্পাদক মো. রাকিব মিয়া, শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক স্বপন হাসান মামুন, সহ-প্রচার সম্পাদক মো. কামাল মিয়া প্রমুখ।
তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করা হলে দুর্নীতিবাজরা আনন্দে মহোৎসব করবে। দুর্নীতিকে গলাটিপে ধরুন, সাংবাদিকদের কলম মুক্ত করে দিন।