অরবিন্দ রায়,নরসিংদী নরসিংদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল মৃধা (৩০) নামে এক গৃহ শিক্ষক নিহত হয়েছেন।বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের নাগরিয়াকান্দির ইউএমসি জুটমিল সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে।নিহত রাসেল শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মান্নান মৃধার ছেলে।
নিহতের ছোট ভাই তারেক মৃধা জানান, রাসেল মৃধা নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে নরসিংদী শহরের বিভিন্ন মহল্লায় স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতো।গতকাল রাত নয়টার দিকে নাগরিয়াকান্দি এলাকা থেকে প্রাইভেট পড়ানো শেষে শহরের কুমিল্লা কলোনিতে ভাড়া বাসায় ফিরছিল রাসেল৷ তারপর তার মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা আরও জানান, গ্রামের বাড়ি শিবপুরে জমি নিয়ে বেলায়েত হোসেন মৃধা নামে এক প্রতিবেশীর সাথে ১৭ বছর ধরে রাসেল মৃধার পরিবারের বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলাও চলমান। মামলার সব ব্যয়ভার নিহত রাসেল মৃধা বহন করতো। আদালত তাদের পক্ষে মামলার রায় প্রদান করার পর থেকে আসামি পক্ষ হুমকি দিয়ে আসছিল।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।