ডেক্সরিপোর্ট বরিশালের হিজলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের পর পুলিশের উপর হামলার ঘটনায় ৫শ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার।
মামলার আসামীরা সকলেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী।
ওসি জানিয়েছেন, ৫০ জনের নাম উল্লেখ এবং সাড়ে ৪শ জনকে অজ্ঞাত করে মামলাটি দায়ের করেছেন থানার এসআই ফারুক খান। মামলা নং-৫। ১৫ই ডিসেম্বর রাতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ পরিস্থিতি শান্ত করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ সদস্যরা। এই ঘটনাতেই মামলাটি দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মামলায় আওয়ামী লীগের উভয়পক্ষকেই আসামী করেছে পুলিশ। আসামীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সাবেক ছাত্রলীগ নেতা লোকমান সিকদার, কাজল হোসেন রাঢ়ী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বড়জালিয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি বশির আহম্মেদ, ছাত্রলীগ নেতা জিদান হাওলাদার, যুবলীগ নেতা নিজাম সরদার প্রমূখ।
এর আগে ১৫ ডিসেম্বর বিকেলে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও পঙ্কজ দেবনাথের অনুসারী সুলাইমান শান্তকে মারধর করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মো. টিপু সিকদারের লোকজন। এনিয়ে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে রাতভর উপজেলা শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। এবং গভীর রাতে দুটি গ্রুপ ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়।
থানা পুলিশের এই মামলায় সরকারি কাজে বাঁধাদানসহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।