অনলাইন ডেস্ক আটলান্টা কাউন্টিতে ডাকযোগে আসা ভোটের নিরীক্ষার সময় জালিয়াতি খুঁজে বের করতে জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট অফিসের প্রধান তদন্তকারীকে নির্দেশ দিয়েছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে তিনি এই ফোন দিয়েছিলেন। ওয়াল স্ট্রিট জার্নাল এমন খবর দিয়েছে।
এতে ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ায় চলমান তদন্ত নতুন মোড় নিয়েছে। ফ্রান্সিস ওয়াটসন নামের ওই তদন্ত কর্মকর্তার সঙ্গে ছয় মিনিটের ফোনালাপ হয়েছে ট্রাম্পের।
রিপাবলিকান এই প্রেসিডেন্ট তাকে বলেছেন, জর্জিয়ার ভোটে তিনি জয়ী হয়েছেন। জো বাইডেন জয়ী হওয়ার ফল এলেও ট্রাম্প বলেন, জর্জিয়ায় খারাপ কিছু ঘটেছে। তিনি কিছুতেই হারতে পারেন না।
তদন্ত কর্মকর্তাকে ট্রাম্প অনেক পুরোনো সইয়ের সঙ্গে প্রত্যেক ভোটদাতার স্বাক্ষর মিলিয়ে দেখার অনুরোধ করেন।
ট্রাম্প ওয়াটসনকে বলেন, জাল ভোট আবিষ্কার করে সঠিক ফল বের করে আনলে তিনি (ওয়াটসন) প্রশংসিত হবেন।
জালিয়াতির কোনো সুনির্দিষ্ট তথ্য না দিয়েই ট্রাম্প জাল ভোটের খোঁজের জন্য নির্বাচনী তদন্ত কর্মকর্তাকে চাপ দিতে থাকেন।
ওয়াটসন বলেন, তিনি ট্রাম্পকে আশ্বস্ত করেন যে তার তদন্ত দলের পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃত সত্য খুঁজে বের করার জন্য তারা কাজ করছেন।