শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:সিলেট নগরীর জিন্দাবাজার থেকে ৬টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকালে নগরীর ব্যস্ততম জিন্দাবাজারে কাস্টম অফিস ও মাতৃমঙ্গল হাসপাতাল এলাকা থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
সিলেটে সিটি করপোরেশন সুত্রে জানা যায়, জিন্দাবাজার এলাকার সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজ করতে গিয়ে সিসিকের শ্রমিকরা কাস্টমস অফিস ও মাতৃমঙ্গল হাসপাতাল এলাকায় বিষধর সাপের উপদ্রব দেখতে পেয়ে মেয়র আরিফুল হক চৌধুরীকে জানান।
মেয়র বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে দেশের প্রখ্যাত সাপুড়ে মোঃ বোরহান উদ্দিন জালালীকে সাপ উদ্ধারের নির্দেশ দেন। তার নির্দেশ পেয়ে মোঃ বোরহান উদ্দিন জালালী ৭ সদস্যের একদল সাপুড়ে নিয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারেন সেখানে বেশ কিছু বিষধর সাপ রয়েছে। পরে ঘটনাস্থল থেকে ২ টি বিষধর গোখরাসহ ৬ টি সাপ উদ্ধার করেন।
উদ্ধার অভিযানে এসময় সিসিকের মেয়র এবং প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।