অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটেছে এবং সেটা ঘটেছে রাতের আঁধারে।
সোমবার মধ্য রাতের পর যুক্তরাষ্ট্রের সর্বশেষ সি-১৭ সামরিক বিমান কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আকাশে উঁড়াল দেয়। এই বিমান আফগানিস্তানের মাটি ত্যাগ করার পর রাতেই তালেবানের আনন্দ উল্লাস শুরু হয়। ফাঁকাগুলির শব্দে মুখরিত হয়ে ওঠে কাবুলের আকাশ।
বিবিসির প্রধান আন্তর্জাতিক বিষয়ক প্রধান সংবাদদাতা লিস ডুসেট সে সময় বাড়ির ছাদে দেখছিলেন কী হচ্ছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমানের আফগানিস্তান ত্যাগের খবর তিনি কোনো বার্তা সংস্থা থেকে পাননি। পেয়েছিলেন আকাশে গোলাগুলির শব্দ থেকে।
তিনি বলেন, শুধু শুনতে থাকুন আকাশে কীসের শব্দ শোনা যাচ্ছে।
কাবুলের একজন বাসিন্দা বলেন, মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে যাওয়ার আনন্দে তালেবান রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত আকাশে ছুড়েছে। গুলির শব্দে তিনিসহ তার পরিবারের কেউ ঘুমাতে পারেননি বলে জানান তিনি।
এরপর মঙ্গলবার সকালে সেখানে হাজির হন তালেবানের রাজনৈতিক নেতারা। তারা সেখানে মোতায়েন করা তালেবান বাহিনীর প্রতি বক্তব্য রাখেন।
বিমানবন্দরের টারম্যাকে দাঁড়িয়ে তালেবানের বিজয় ঘোষণা করেন জাবিউল্লাহ মুজাহিদ। সিনিয়র এই তালেবান নেতা বলেন, এটা শুধু তালেবানের বিজয় না, এটা আফগান জনগণের বিজয়। ভবিষ্যতে কেউ আফগানিস্তান দখল করার চিন্তা করলে তারও এই হাল হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।