ডেস্করিপোর্ট খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোতলজাত ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমিয়ে ৭৬০ টাকা করা হয়েছে। আর খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) সচিবালয়ে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এই তথ্য জানান।
আগামীকাল থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও পাঁচ-ছয়দিন সময় লাগতে পারে জানিয়েছেন বাণিজ্য সচিব।আসছে ঈদুল ফিতর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
গত ১৪ মার্চের প্রজ্ঞাপনে তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট এবং বিক্রয় ও সরবরাহ পর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট মওকুফ করা হয়। এবার আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট মওকুফ করা হয়েছে।