ডেস্ক রিপোর্ট ।। কক্সবাজার টেকনাফের নাফ নদে জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় টেকনাফে বিশেষ অভিযানে দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা, কাঠের তৈরি মাঝারি আকৃতির একটি নৌকা, মাছ ধরার জাল ও মাদকের মোড়কজাত প্যাকেট এবং পলিথিন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মিয়ানমারের মংডু জেলা ও থানার ডেইলপাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) ও মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২)।
বুধবার মধ্যরাতে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবির) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানতে পারি নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার হতে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদ দিয়ে বাংলাদেশের জেলের বেশে অবস্থানরত দোসরদের কাছে বিপুল পরিমাণ মাদক হস্তান্তরের চেষ্টা করবে। টেকনাফ ব্যাটালিয়ন তাৎক্ষণিকভাবে নদ ও তীরবর্তী বেশকিছু কৌশলগত স্থানে দ্রুত বিশেষ টহল মোতায়েন করেন। এরপর রাতে নদীতে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি’র চৌকস নৌ টহল দলগুলো তড়িৎ গতিতে তাদের পিছু ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার আনুমানিক ১০০ গজ ভেতরে বিজিবির আভিযানিক দল পলায়নরত নৌকাটি থেকে মিয়ানমারের দুজন নাগরিকসহ আটক করে। পরবর্তীতে, বিজিবি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে জালের ভেতর লুকানো বিশেষভাবে মোড়কজাত করা এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ইয়াবার চালানটি মায়ানমার হতে এনে নদে মাছ ধরার অজুহাতে অপেক্ষমাণ বাংলাদেশি সহযোগীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল। ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।