রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

১৫০ দিনের বেশি ওএসডি করে রাখা যাবে না

অনলাইন ডেস্ক  কোনো সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ (ওএসডি) করে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাই কোর্ট বেঞ্চ ‘জনস্বার্থে’ সাবেক সচিব আসাফ উদ-দৌলার করা এক রিটে এ রায় দেয়। আট বছর আগে জারি করা এমন একটি রুলকে যথাযথ ঘোষণা করে আদালত।

আদালতের নির্দেশ, যেসব সরকারি কর্মকর্তাকে ওই সময়ের বেশি ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি ) করে রাখা হয়েছে, রায়ের অনুলিপি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পুনর্বহালের ব্যবস্থা নিতে হবে। ১৫০ দিনের বেশি সময় যে কর্মকর্তারা ওএসডি হয়ে আছেন, তাদের পুনর্বহালসহ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে একটি কমিটি করে তা বাস্তবায়ন করতে জনপ্রশাসন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এ কমিটির প্রধান করতে বলা হয়েছে একজন জ্যেষ্ঠ সচিবকে। ‍সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে এ সংস্ক্রান্ত অগ্রতির প্রতিবেদন রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।

আদালতে রুলের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্তকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অমিত দাশগুপ্ত জানান, রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

এর আগে, প্রায় আট বছর আগে গত ২০১২ সালে ৪জুন (সোমবার) নির্ধারিত কারণ ও সময়ের বাইরে সরকারি কর্মকর্তাদের ওএসডি করে রাখা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিল আদালত। সাবেক সচিব আসাফ উদ-দৌলার করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ ‍রুল জারি করেছিল। ওএসডি করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট নীতিমালা কেন করা হবে না তাও জানতে চেয়েছিল আদালত।

সেসময় রিটকারীর আইনজীবী অনীক আর হক আদালতকে জানিয়েছিলেন, শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয়েই ৫৯১ জন কর্মকর্তা অনির্দিষ্টকালের জন্য ওএসডি হয়ে আছেন। তাদের পেছনে প্রতি মাসে এক কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা খরচ হয়। জনগণের করের টাকা থেকে তাদের বেতন দেওয়া হয়। ১৯৯১ সালে জারি করা এক প্রজ্ঞাপনে ওএসডি করার কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে। সে সময় যতজন ওএসডি হয়ে ছিলেন, তাদের ৯০ শতাংশেরই কোনো নির্দিষ্ট কারণ ছিল না।

রায়ের পরে আইনজীবী অনীক আর হক বলেন, গত বছরের এপ্রিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী ১৫০ দিনের বেশি ওএসডিতে রয়েছেন ৭৯৫ জন কর্মকর্তা।