ডেক্সরিপোর্ট চলতি মাসে দেশে আরও ব্যাপক আকারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আভাস মিলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, সারা বিশ্বে এই ভাইরাসটা কিভাবে প্রসারিত হয়। এটা অনেকটা অংকের মতো। অন্যান্য দেশ থেকে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করি তাতে মনে হচ্ছে যে আমাদের দেশেও এই ধাক্কাটা এপ্রিল মাসে আরও ব্যাপকভাবে আসার কথা। এ রকমই একটা আলামত পাওয়া যাচ্ছে। এ রকম কিছু প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। কিছু প্রেডিকশন দেখতে পাচ্ছি।
‘আমি জানি যে এপ্রিল মাসটা আমাদের জন্য খুবই একটা দুঃসময়ের মাস আসছে। সব জায়গা থেকে সে খবর পাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সর্বোচ্চ সতর্ক থাকবে হবে। আমাদের এমনভাবে চলতে হবে যে এর প্রভাবে আমাদের দেশের মানুষের যেন ক্ষতি কম হয়।
কারো করোনার লক্ষণ দেখা দিলে না লুকিয়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, কারো মধ্যে যদি এতটুকু করোনা ভাইরাসের অসুস্থতা দেখা দেয় তিনি সঙ্গে সঙ্গে খবর দেবেন। চিকিৎসার ব্যবস্থা যথাযথ আছে। আমরা চিকিৎসার ব্যবস্থা করে রেখেছি। যারা চিকিৎসা সেবা দেবেন তাদের জন্য পিপিইসহ সবধরনের সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে।
‘কেউ লুকাতে যাবেন না। কারণ আপনি একজন লুকাবেন, আরও ১০ জনকে সংক্রমিত করবেন। কেউ লুকাবেন না। এটা কোনো লজ্জার বিষয় না।’