নিজস্ব প্রতিবেদক ডিএমপি ওয়ারী বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ জসিম উদ্দিন করোনাকালে অর্পিত দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মৃত্যুবরন করেন।
জসিমের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে বলে বুধবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে জসিম উদ্দিন কোয়ারেন্টিনে থাকায় অবস্থায় অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪০ বছর। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।
পুলিশ সদর দপ্তরের এক শোকবার্তায় বলা হয়,“আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, করোনা মোকাবেলায় মাঠ পর্যায়ের প্রধান সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের এক গর্বিত সদস্য কনস্টেবল মো. জসিম উদ্দিন (৪০) করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
তাঁকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।”
শোক বার্তায় আরো জানানো হয়, করোনা যুদ্ধে আত্মোউৎসর্গকারী কনস্টেবল মোঃ জসিম উদ্দিনের পরিবারের পাশে সর্বোতভাবে থাকবে বাংলাদেশ পুলিশ।
পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
চলমান করোনাযুদ্ধে পুলিশ কনস্টবল মোঃ জসিম উদ্দিন এর মত একজন সম্মুখ যোদ্ধার অকাল প্রয়াণে বিএমপি পরিবার গভীরভাবে শোকাহত।তার মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল সকাল সংবাদ পরিবার শোকাহত।
এ পর্যন্ত ঢাকায় কোয়ারেন্টিনে থাকা অবস্থায় জসিমসহ পুলিশের দুই সদস্যের মৃত্যু হল। পুলিশের দুই শতাধিক সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আক্রান্তদের বাইরে আরও ৬৫২ জন কোয়ারেন্টিনে রয়েছেন।